নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাণ-আরএফএল কোম্পানির এক ডেলিভারি ম্যানকে ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লা থানাধীন উত্তর ভূইগড় সাকিনস্থ আমির হামজা জামে মসজিদ সংলগ্ন একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. ইমরান হোসেন শিমুল নামে এক ব্যক্তি প্রাণ-আরএফএল কোম্পানির এরিয়া ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠানে কর্মরত ডেলিভারি ম্যান সাইফুল ইসলাম সাজু ওই দিন বিভিন্ন গ্রাহকের কাছে পণ্য বিক্রির টাকা সংগ্রহ করেন। পরে তার কাছে মোট ৭৫ হাজার টাকা ছিল।
দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে সাইফুল ইসলাম সাজু উত্তর ভূইগড়ের আমির হামজা জামে মসজিদ সংলগ্ন একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি হোটেলের সামনে আসে। অভিযোগ অনুযায়ী, তাদের মধ্যে একজন হোটেলের ভেতরে প্রবেশ করে সাইফুল ইসলাম সাজুকে ধারালো চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং তার কাছে থাকা ৭৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে অস্ত্রধারী ব্যক্তির নাম ‘সিফাত’ বলে শনাক্ত করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডিস্ট্রিবিউটর মো. ইমরান হোসেন শিমুল।
অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


