নিজস্ব প্রতিবেদক: দেশ ব্যাপী আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘গার্লস অব নারায়ণগঞ্জ’।
শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘গার্লস অব নারায়ণগঞ্জ’-এর প্রধান অ্যাডমিন রুবাইয়া জুলকার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মডারেটর তাসনিম আক্তার আশা, রোকেয়া অন্তরা, রহমান তুশি ও সামিয়া রহমান। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা দেশে ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং শিশু-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রুবাইয়া জুলকার খান বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো ঘটনা বারবার ঘটছে। অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ কমবে না।
তিনি আরও বলেন, “রাষ্ট্র ও প্রশাসনকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সমাজে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় যেখানে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়।”


