নিজস্ব প্রতিবেদক: ভারতে মুসলিমদের ওপর নির্যাতন এবং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের অভিযোগে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
শুক্রবার (১৫ মে) বিকেলে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করা হয়।
মিছিলের আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ।
তিনি বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হচ্ছে। দাবি পূরণ না হলে আরও কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির জেলা সাবেক সভাপতি মুফতি তৌফিক বিন হারিস, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুজ্জাম্মিল, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, মুহাম্মদ মুরসালিন, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ ও খাজা ফাহিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


