ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় পিতাকে মারধরের প্রতিবাদ করতে গিয়েই খুন হল এক যুবক। নিহতের নাম মোহন। পারিবারিক বিরোধের জেরে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই । বড় ভাই উজ্জ্বল বৃহস্পতিবার পিতা বাবুল মিয়াকে মারধর করেছিল। এ ঘটনার প্রতিবাদ করে ছোট ভাই। তর্কবিতর্কের এক পর্যায়ে শুক্রবার সকালে বড়ভাই উজ্জ্বল বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ছোটভাই মোহনকে।
গতকাল শুক্রবার (১৫ মে) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কয়েকদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা ও ঝগড়া চলছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার পিতা বাবুল মিয়াকে মারধর করে বড়ছেলে উজ্জ্বল। এ নিয়ে শুক্রবার সকাল ছয়টার দিকে পরিবারের ভেতরে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল ঘরে থাকা ধারালো বটি দিয়ে ছোটভাই মোহনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনার পর পরিবারের সদস্যরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


