নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি মাইলফলক। সঠিক প্রস্তুতি, আত্মবিশ্বাস ও মনোযোগের মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বছর নারায়ণগঞ্জে মোট ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৯৪৪ জন, ৪টি কেন্দ্রে মাদ্রাসার ৩ হাজার ৩৬৮ জন এবং ৬টি কেন্দ্রে কারিগরি বিভাগের ১ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।


