নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম এবং এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল সুজন।
আজ ১৯ এপ্রিল (রবিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারিকুল সুজন বলেন, এই মূল্যবৃদ্ধি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত নতুন দামে ১২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্য ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১,৭২৮ টাকা। এলপিজি গ্যাসের এই নতুন মূল্য নির্ধারণ নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য বড় ধরনের ধাক্কা। দেশের অধিকাংশ শহুরে পরিবার রান্নার কাজে ১২ কেজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। এক দফায় ২১২ টাকা বৃদ্ধি সরাসরি মাসিক পারিবারিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে এবং এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং এলপিজির দাম বৃদ্ধির যৌথ প্রভাব পরিবহন ব্যয় বাড়াবে, যার ফলে বাজারে পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের পরিবার ও স্থির আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং অর্থনৈতিক চাপ অসহনীয় হয়ে উঠবে। এর দায় কোনভাবেই বর্তমান সরকার এড়াতে পারে না। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।


