নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর বহুল প্রতীক্ষিত সেতুটি দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে মনোনয়ন দেওয়ার জন্য। একই সঙ্গে রূপগঞ্জবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য।
বক্তব্যে তিনি বলেন, আমি সংসদে দাঁড়িয়ে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে কথা বলছি। তাদের দীর্ঘদিনের একটি দাবি হলো বালু নদীর উপর একটি সেতু নির্মাণ।
তিনি আরও বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বালু নদীর উপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজও শুরু হয়। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত সেখানে মাত্র আটটি পিলারের কাজ সম্পন্ন হয়েছে এবং এরপর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে।
দিপু ভূঁইয়া বলেন, এই সেতুর কাজ দ্রুত শেষ হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল আরও সহজ হবে। সময় কম লাগবে, যানজটও কমবে। সবচেয়ে বেশি উপকৃত হবে রূপগঞ্জের সাধারণ মানুষ।
তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এই প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের আহ্বান জানান।


