নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে এবং হয়রানি থেকে বিরত রাখতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে।
এরপর গত বছরের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।
তবে পুনরায় রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোও স্থগিত হয়ে যায়। সর্বশেষ আপিল বিভাগ ১০টি মামলায় দেওয়া জামিন বহাল রাখেন।
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করে।
এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেফতার দেখানোর এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত গত ২৬ এপ্রিল রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন হাইকোর্ট।
বর্তমানে হাইকোর্টের সেই নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


