নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাকসুর রহমান জুয়েল (৪৫) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইল ফোনে কল করে জুয়েলকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল জানান, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পাশাপাশি এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


