ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ তিন ছাত্র সংগঠনের

NJ
মে ১৭, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ কলেজকে ঘিরে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তি। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

রোববার (১৭ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিঃশর্ত হাফ পাস চালু, কলেজের আশেপাশের হকার সমস্যা সমাধান, ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ বা যানজট নিয়ন্ত্রণকর্মী নিয়োগ এবং কলেজসংলগ্ন বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক বলেন, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াত ও পরিবেশগত নানা সমস্যায় ভুগছে। কলেজের সামনে বাসস্ট্যান্ড, অবৈধ দোকানপাট ও যানজটের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ছাত্র ফেডারেশনের সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার না পায়, তাহলে সেটা দুঃখজনক। সিরাজউদ্দৌলা সড়কে গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও পরিবেশ এখনো শিক্ষাবান্ধব নয়।” তিনি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সমস্যাগুলোর সমাধান দাবি করেন।

জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাত বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। কিছু মহল নিজেদের স্বার্থে বিষয়টি নিয়ে টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “এই ছাত্রসমাজই স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিল। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন, তারা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামেননি। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই তারা মাঠে নেমেছেন।

তিনি বলেন, “হকার সমস্যা, যানজট ও বাস টার্মিনালের কারণে কলেজের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

জাতীয় ছাত্রশক্তির মহানগর নেতা রাফিন হাসানও একই ধরনের বক্তব্য দিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা কলেজ গেট এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।