নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে যাচাই-বাছাই করে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই মার্কেট ভেঙে দেওয়া হবে এবং প্রকৃত হকারদের যাচাই-বাছাই করে পুনর্বাসন করা হবে। যারা বরাদ্দ নিয়ে অবৈধভাবে দোকান ভাড়া বা বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়াস্থ হকার্স মার্কেট পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অনিয়মের অভিযোগ তুলে ধরেন। এ সময় দোকানে উপস্থিত কয়েকজন দোকান ভাড়া দেওয়া ও বিক্রির বিষয়টি স্বীকার করেন।

প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষণা দিলেন নাসিক প্রশাসক
সাখাওয়াত হোসেন খান বলেন, “এখানে ৬৭২ জন হকারকে পুনর্বাসন করা হয়েছিল। সরেজমিনে তদন্ত করে দেখেছি, যাদের বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের কেউই এখন এখানে নেই। কেউ দোকান ভাড়া দিয়েছে, কেউ বিক্রি করে আবার ফুটপাতে বসে ব্যবসা করছে।”
তিনি আরও বলেন, বরাদ্দপ্রাপ্ত দোকানগুলো ভাড়া বা বিক্রি করা আইনসিদ্ধ নয়। কিন্তু সেখানে একাধিক দোকান একত্র করে বড় দোকান বানিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, যা অনিয়ম ও অন্যায়।
নাসিক প্রশাসক বলেন, “এই মার্কেট ভেঙে দেওয়া হবে এবং প্রকৃত হকারদের যাচাই-বাছাই করে পুনর্বাসন করা হবে। যারা বরাদ্দ নিয়ে অবৈধভাবে দোকান ভাড়া বা বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিদর্শনের সময় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


