সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে ১২ জন দগ্ধ হয়েছে। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধ ১২ জনই জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মরত বলে জানা গেছে। আহতরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা যায়, এ ঘটনায় কেন্দ্রের ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।


