নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড গরমে কষ্টে থাকা নগরবাসীর জন্য নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
তীব্র তাপদাহে বিশেষ করে শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা মাথায় রেখে তাদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করা হয়। শহরের ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
খোরশেদ বলেন, “এই গরমে মানুষ খুব কষ্টে আছে। তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। তাপদাহ যতদিন থাকবে, ততদিন এই কার্যক্রম চালু রাখার চেষ্টা করবো।”
তিনি আরও জানান, সামনে এই কর্মসূচির পরিধি বাড়ানো হবে। শুধু পানি নয়, শসা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফলও বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে গরমে মানুষের কিছুটা উপকার হয়।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ তীব্র গরমে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে এবং পথচারীদের জন্য তা বেশ সহায়ক হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: তপু সারোয়ার, ভারপ্রাপ্ত সম্পাদক: এ্যানি চন্দ্র, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নয়ন সুপার মার্কেট, বিবি রোড, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৬৮৭৩২১৫৭৯ gmail: narayanganjjournal@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬